৮ কোটি টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী কোচবিহার রবীন্দ্রভবনের সংস্কারের কাজ শুরু হলো
দি নিউজ লায়ন ; করোনা অতিমারির জন্য বন্ধ ছিল নির্মাণ কাজ,প্রায় চার মাস বন্ধ থাকার পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে পুনরায় সংস্কারের কাজ শুরু হয়েছে কোচবিহার রবীন্দ্রভবনের। বৃহস্পতিবার সকালে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রবীন্দ্র ভবন পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অত্যাধুনিক পদ্ধতিতে এবং আধুনিক উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে রবীন্দ্রভবনকে।
আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে নির্বাচনের আগেই রবীন্দ্রভবন কে সাংস্কৃতিক ক্ষেত্র হিসেবে কোচবিহার বাসির কাছে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, রবীন্দ্র ভবন সংস্কার কাজটি অনেক বড়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এই কাজটি করা হচ্ছে। তাই কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না।সুষ্ঠুভাবে সম্পন্ন উপকরণ সঠিকভাবে লাগিয়ে রবীন্দ্রভবন কে সুগঠিত করার জন্য আরো কিছুটা সময় লাগবে।
আগামী তিন মাসের মধ্যে আমরা রবীন্দ্রভবন কে উদ্বোধনের পর্যায়ে নিয়ে যেতে পারবো। করণা আবহের কারণে কাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন জোর কদমে কাজ চলছে, আমি নিজে কাজের পর্যবেক্ষণ করছি। প্রায় এক দশকের বেশি সময় থেকে অবহেলায় পড়ে থাকা কোচবিহার রবীন্দ্র ভবন সংস্কারের দাবি তুলেছিল কোচবিহারের সংস্কৃতি প্রেমি, নাট্যকর্মীরা।
তাদের আবেদনে সাড়া দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে কাজ শুরু হয়। দপ্তর সূত্রে জানানো হয়েছে, রবীন্দ্রভবনে উন্নত মানের চেয়ার, মঞ্চ, আলো, উন্নত সাউন্ড সিস্টেম, এবং শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কোচবিহারের উৎসব অডিটোরিয়াম চালু রয়েছে। রবীন্দ্র ভবনের পুনর্নির্মাণ হলে কোচবিহারে কৃষ্টি সংস্কৃতিতে নতুন পালক জুড়বে।

Post a Comment